এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মে, ২০২৪, ০৮:০৫ পিএম
চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট
শুক্রবার চীনের হাইনান থেকে পাকিস্তানের আইকিউবি-কিউ স্যাটেলাইট চীনের চ্যাং-ই-৬ চন্দ্রযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে। এটা ছিল পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহুর্ত। সূত্র: জিওটিভি
এই উৎক্ষেপণের দৃশ্য আইএসটি (ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি) ওয়েবসাইট এবং চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
উৎক্ষেপণের পর প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা শুরু উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশবাসী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আইকিউবি-কিউ স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের প্রথম স্পেস পদক্ষেপ।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী এবং দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন সেভাবে এই ক্ষেত্রেও তাদের দক্ষতা প্রমাণ করছেন।
তিনি ডক্টর খুররম খুরশীদসহ ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির কোর কমিটি, সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান।
আইএসটি কোর কমিটির সদস্য ডক্টর খুররম খুরশিদ গণমাধ্যমকে বলেছেন, পাকিস্তানের স্যাটেলাইট - চীনের লং মার্চ-৫ রকেটের মাধ্যমে বহন করা হচ্ছে। এটি পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাস চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে।
তিনি আরও বলেন, স্যাটেলাইটের সাহায্যে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে। এরপর গবেষণার জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে। আইকিউবি-কিউতে দুটি অপটিক্যাল ক্যামেরা যুক্ত করা আছে।
আইএসটি চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর সহযোগিতায় স্যাটেলাইটটির ডিজাইন তৈরি করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি