ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইনসুলিন ব্যবহারে ১৭ খুন, নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৯:০৫ পিএম

ইনসুলিন ব্যবহারে ১৭ খুন, নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড 

ইনসুলিন ব্যবহারে ১৭ খুন, নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার নার্স হেদার প্রেসডি তিন বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকজন রোগীকে হত্যার চেষ্টায় ইনসুলিনের প্রাণঘাতী ডোজ দেন। তাকে ৩৮০-৭৬০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ওই নার্স ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন। পেনসিলভানিয়ার ৪১ বছর বয়সী ওই নার্স আগে বিভিন্ন সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন। কাজ করেছেন পশুচিকিৎসা-কেন্দ্রে।

২০১৮ সালের ৩১ জুলাই হেদার নার্সের লাইসেন্স পান। এরপর ‘কোয়ালিটি লাইফ সার্ভিসেস’ সংস্থায় নার্স হিসেবে কাজে যোগ দেন। নার্স হিসেবে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে দায়িত্বে ছিলেন হেদার।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচটি হাসপাতালের মোট ২২ জন রোগীর ওপর হেদার কোনো প্রয়োজন ছাড়াই ইনসুলিন প্রয়োগ করেন। বেশিরভাগ সময়েই এই ঘটনা ঘটত রাতে। যখন কর্মী কম থাকত বা নজরদারি একটু শিথিল হত।

বেশিরভাগ রোগীই প্রথমবার ইনসুলিন প্রয়োগ হতেই মারা যান। বাকিদের অবস্থাও ক্রমশ শোচনীয় হতে থাকে। ইনসুলিন ওভারডোজের কারণে  হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হার্টবিট বাড়াতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে।

দুই রোগীকে হত্যার জন্য তাকে গত বছরের মে মাসে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে পুলিশের তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হয়। ভুক্তভোগীদের পরিবার আদালতকে বলেছে যে খুনি নার্স তার অসুস্থ এবং বয়স্ক রোগীদের জীবন নিয়ে খেলা করার চেষ্টা করেছিল। অতীতে, সহকর্মীরা তার আচরণ নিয়ে অভিযোগ জানিয়েছিল। হেদার বলেছিলেন যে তিনি রোগীদের ঘৃণা করেন। প্রায়ই তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতেন তিনি। 

 মায়ের কাছে পাঠানো টেক্সট বার্তাগুলিতে, প্রেসডি রোগীদের অসুখ নিয়ে আলোচনা করতো। সে প্রায়ই তাদের ক্ষতি করার কথা বলত। নিহতের রোগীর পরিবারের একজন সদস্য আদালতকে বলেছিলেন, ‘ওই নার্স  অসুস্থ নয়।  পাগল নয়। সে আসলে শয়তান , সে আমার বাবাকে হত্যা করেছে।’ 

প্রাথমিক অভিযোগের পর তার লাইসেন্স স্থগিত করা হয়েছিল। তারপরেও তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নার্সিং হোমে অসংখ্য কাজ করে গেছেন। প্রেসডির আগে চার্লস কুলেন নামের আরেকজন স্বাস্থ্যকর্মী নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ায় কমপক্ষে ২৯ জন  রোগীকে ইনসুলিনের মারাত্মক ডোজ দিয়ে হত্যা করেছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি