এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০২:০৫ পিএম
ইসরায়েলি হামলার মুখে রাফা ছেড়ে পালিয়েছে ৮০ হাজারের বেশি মানুষ
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার থেকে ৮০ হাজারেরও বেশি মানুষ দক্ষিণ গাজার রাফা শহর থেকে পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া রাফার বিভিন্ন অংশে ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাংকগুলি শহরের কাছাকাছি এসে জড়ো হচ্ছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো বলেছে, তারা পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের স্থল বাহিনী পূর্ব রাফাতে ‘নির্দিষ্ট লক্ষ্যে তাদের কার্যকলাপ’ পরিচালনা করছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় খাদ্য ও জ্বালানি ফুরিয়ে যাচ্ছে কারণ ভূখণ্ডটি কাছাকাছি ক্রসিং দিয়ে কোনও সাহায্য পাচ্ছে না।
চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলি সৈন্যরা তাদের অভিযানের শুরুতে মিসরের সঙ্গে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় এবং পরে তা বন্ধ করে দেয়। এছাড়া জাতিসংঘ সেসময় বলেছিল, সংস্থার কর্মীদের এবং সহায়তাবাহী লরিগুলোর জন্য কেরাম শালোম ক্রসিংয়ে পৌঁছানো ছিল খুবই বিপজ্জনক।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রাফাতে হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আমাদের যা আছে তা দিয়ে লড়াই করব। কিন্তু আমাদের কাছে অনেক বেশি আছে।’ নেতানিয়াহুর দাবি, প্রয়োজনে ইসরায়েল ‘একাই দাঁড়াতে পারে’।
গাজায় গত সাত মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন পরিচালনাকারী ইসরায়েল জোর দিয়ে বলেছে, রাফা শহরটি দখল করা এবং হামাসের শেষ অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে নির্মূল করা ছাড়া গাজায় বিজয় অসম্ভব। রাফা শহরের বাসিন্দারা এবং ত্রাণকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দিনজুড়ে কামান ও বিমান হামলার শব্দ ছিল অবিরাম।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি