ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ০২:০৫ পিএম

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউট

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউট

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন (ওয়াকআউট) অনেক ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় সময় শনিবার বিক্ষোভ করেন তারা। এরপর অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা যখন অনুষ্ঠানস্থল ছেড়ে যান, তখন সেখানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্রবিক্ষোভ নিয়ে কথা বলছিলেন।

স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারেন, এমন আশঙ্কায় করছেন যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিক্ষোভের জেরে সপ্তাহান্তে কয়েক ডজন ক্যাম্পাসে এই আয়োজন বন্ধ রাখা হয়েছে।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন সবে বক্তব্য শুরু করেছেন। এর মধ্যেই গাউন-ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।

এ বছরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে ‘প্রকাশ কর, বর্জন কর আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। এর আগে গত ২৯ এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন শিক্ষার্থী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি