ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় ত্রাণ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে মিসরের অস্বীকৃতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ০২:০৫ পিএম

গাজায় ত্রাণ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে মিসরের অস্বীকৃতি

গাজায় ত্রাণ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে মিসরের অস্বীকৃতি

ফিলিস্তিনের গাজায় রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিসর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আলকাহেরা নিউজ শনিবার জানিয়েছে, রাফাহতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির’ কারণে ত্রাণ নিয়ে মিসর তাদের সঙ্গে কাজ করবে না। 

একটি সূত্র জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিসর। সূত্রটি আরও জানিয়েছে, জিম্মি চুক্তির ক্ষেত্রে মিসর তার কাজ করেছে এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি যে দায়িত্ব ছিল সেটি পূরণ করেছে।

গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিসরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না। এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফাহ ক্রসিং। এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিসর যাওয়ার একমাত্র পথও ছিল এ ক্রসিং।

রাফাহ ক্রসিং দখল করার পর আজ শনিবার রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরমাধ্যমে আশঙ্কা করা হচ্ছে, এখন সেখানে পূর্ণমাত্রার হামলা চালাবে দখলদার ইসরায়েলের সেনারা।
ইসরায়েলি সেনাদের রাফাহতে হামলার কারণে জিম্মিদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছেন তাদের পরিবারের সদস্যরা। এ কারণে গত শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা জিম্মি চুক্তি ও নেতানিয়াহুর সরকারের পতনের ডাক দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি