ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাফাহ নগরীর আরও এলাকা খালি করতে ইসরায়েলি বাহিনীর নির্দেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ১১:০৫ পিএম

রাফাহ নগরীর আরও এলাকা খালি করতে ইসরায়েলি বাহিনীর নির্দেশ

রাফাহ নগরীর আরও এলাকা খালি করতে ইসরায়েলি বাহিনীর নির্দেশ

ইসরায়েলি বাহিনী গাজার রাফাহ নগরীর আরও কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে। 

শনিবার ওই নির্দেশ দিয়ে তারা ফিলিস্তিনিদের আল-মাওয়াসির বর্ধিত মানবিক এলাকায় চলে যেতে বলেছে। এ নির্দেশে আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী হয়তো রাফায় স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করছে।

ইতিমধ্যে তাঁবুর শহর রাফাহ নগরীর পূর্বাঞ্চলে আশ্রয় নেয়া প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশ ও জাতিসংঘ সংস্থাগুলোর চাপ ও হুঁশিয়ারি উপেক্ষা করে গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ নগরীর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং সাহায্য সরবরাহে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ ক্রসিং বন্ধ করে দেয়।

বর্তমানে ইসরায়েল রাফাহ নগরীর পূর্বের তিন ভাগ এলাকা খালি করে ফেলেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র ডেনিয়েল হাগারি দাবি করেছেন, তাদের টার্গেটেড হামলায় সেখানে বহু ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। আর এ ধরণের হামলা অব্যাহত রয়েছে।

জাতিসংঘ হুঁশিয়ার করে দিয়ে বলেছে, রাফাহতে সর্বাত্মক ইসরায়েলি হামলা সেখানকার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে এবং অসংখ্য সাধারণ মানুষ নিহত হবে। 

এদিকে ইসরায়েলি বাহিনী গাজার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলে নতুন করে সেনা অভিযান শুরু করেছে। ইসরায়েল কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিল তারা সেখান থেকে হামাসকে নির্মূল করেছিল। এখন বলছে, হামাস সেখানে নতুন করে সংঘটিত হয়েছে। তাই নতুন করে সেখানে হামলা চালাচ্ছে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি