এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
আর ১৪ দিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। যার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (এসএ)।
শনিবার (১৮ মে) এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলের প্রধান খেলোয়াড় এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। তবে ঘোষিত দলে বিশ্বকাপে ডাক পাওয়া ৭ জন ক্রিকেটার রয়েছেন। দলটিতে অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপে ডাক না পাওয়া রাসি ভ্যান ডার ডুসেনকে। আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত জ্যামাইকায় অনুষ্ঠিত হবে এ টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসাবে একটি ম্যাচ খেলতে ফ্লোরিডায় যাবে। বিশ্বকাপে প্রোটিয়ারা ডি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং নেদারল্যান্ডস।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের মধ্যে দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। -
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), কুইন্টন ডি কক, ম্যাথিউ ব্রিটজকে, জর্ন ফরচুইন, অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, রেজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, ওয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকায়ো ও তাবরাইজ শামসি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি