এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৪:০৫ পিএম
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন তাসকিন, অবিক্রিত রয়েছেন যারা
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন টাইগার দলের পেসার তাসকিন আহমেদ। তবে নিলামের ড্রাফটে ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যে লিটন কুমার দাসের নাম উঠলেও নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলামে ডানহাতি পেসার তাসকিনকে তার ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে (৫৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে সরাসরি চুক্তিতে কাটার মাস্টার মুস্তাফিজকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। এবারই প্রথম এলপিএলে খেলবেন দ্য ফিজ।
এছাড়া নিলামের প্রথম রাউন্ডে দল পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও বিশ্বকাপ দলে থাকা তাওহিদ হোসেন হৃদয়ও। ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হবে এলপিএল। ১ জুলাই পর্দা উঠবে আসরের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি