এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জুন, ২০২২, ০৪:০৬ পিএম
পুলিশমন্ত্রীর বিবৃতি চেয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপির, বাইরে চোর স্লোগান তুললেন শুভেন্দু
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভার (Assembly) ভিতরে পুলিশমন্ত্রীর বিবৃতি দাবি করে ব্যাপক বিক্ষোভ (Protest) দেখালেন বিজেপি বিধায়করা (BJP)। পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতেই। তিনি এদিন বিধানসভার অধিবেশনে নেই। রয়েছেন দিল্লিতে। তা নিয়েই এদিন কক্ষ ছেড়ে ওয়াক আউট করে বেরিয়ে আসেন গেরুয়া শিবিরের বিধায়করা।
বাইরে শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) সাসপেন্ডেড বিধায়করা এদিনও ছিলেন। কক্ষ ত্যাগ করে বাকি বিধায়করাও সেখানে পৌঁছলে স্লোগান আরও চড়া দাগে তোলেন শুভেন্দু। শোনা যায় শুভেন্দু বলছেন, ‘পার্থ চোর, পরেশ চোর—তৃণমূলের সবাই চোর। পিসি চোর, ভাইপো চোর—তৃণমূলের সবাই চোর।” বিরোধী দলনেতা এও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা যখন বেআব্রু হয়ে পড়েছে তখন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেন দিল্লিতে গিয়ে পড়ে রয়েছেন?
রাষ্ট্রপতি নির্বাচন কে কেন্দ্র করে দিল্লিতে বুধবার বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন মমতা। ঐক্যমত্যে পৌঁছে বিরোধী শিবিরের একজনকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। সেইসঙ্গে জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে বিপণন করাই তৃণমূলের কৌশল বলে পর্যবেক্ষকদের অনেকের মত। এদিন তাকেও কটাক্ষ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের যদি কোনও গুরুত্ব থাকত, তাহলে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বৈঠকে থাকতেন। তার বদলে কংগ্রেসের কিছু চাপরাশিকে পাঠানো হচ্ছে।”
মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল নিয়ে এদিন আরও একবার তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, “জালি ডিগ্রিধারী একজন মুখ্যমন্ত্রীকে এরা আচার্য করতে চাইছে, যে নিজের ডিগ্রি জাল করে এরা তাকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চাইছে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে