ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বছরে ৩০ কোটি শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:০৫ পিএম

বছরে ৩০ কোটি শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার

বছরে ৩০ কোটি শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি হল বড় পরিসরে অনলাইনে শিশুদের যৌন হয়রানি নিয়ে বৈশ্বিক প্রতিবেদন। 

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি আট শিশুর মধ্যে একটি গত এক বছরে অসম্মতিমূলক কথাবার্তা, যৌনতা সম্পর্কিত ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়ার শিকার হয়েছে। বিশ্বজুড়ে ভুক্তভোগী এমন শিশুর এ সংখ্যা প্রায় ৩০ কোটি ২০ লাখ।  

প্রতিবেদন অনুযায়ী, অনাকাঙ্ক্ষিত অনলাইনে যৌনতাবিষয়ক কথাবার্তা ( সেক্সটিং) ও প্রাপ্তবয়স্কদের কাছ থেকে যৌন কার্যকলাপের জন্য অনুরোধের সংখ্যাও প্রায় ৩০ কোটি।

এ ছাড়া শিশুদের নিপীড়ন সংক্রান্ত অপরাধগুলোর মধ্যে ছবি গোপন রাখার জন্য ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবি করাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও এবং ছবি তৈরি করার মতো প্রযুক্তির অপব্যবহারের বিষয়গুলো যুক্ত রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, বিশ্বজুড়ে শিশুদের নিপীড়নের এই সমস্যা থাকলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানকার প্রতি নয়জন পুরুষের মধ্যে একজন স্বীকার করেন কোনো এক পর্যায়ে তারা অনলাইনে শিশুকে নিপীড়নের সঙ্গে যুক্ত হয়েছেন।

চাইল্ডলাইটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেন, শিশু নির্যাতনের বিষয় এতটাই বেড়ে গেছে যে এ সংক্রান্ত ফাইল গড়ে প্রতি সেকেন্ডে একবার নজরদারি সংস্থার কাছে জমা হয়।

স্ট্যানফিল্ড আরও বলেন, এটি বিশ্বব্যাপী একটি স্বাস্থ্য মহামারি যা অনেক দিন ধরে লুকিয়ে আছে। এটি প্রতিটি দেশেই ঘটে। এটা ব্যাপক হারে বেড়ে চলেছে। এটি বন্ধে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি