ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা

রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা

ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইসরায়েলের দূতাবাসে সোমবারের এ হামলা হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হামলার ঘটনার সঙ্গে গাজা যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে তদন্তকারীরা জানিয়েছেন। 

রোমানিয়ার গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, দেশের সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী ৩৪ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ওই ব্যক্তি বুখারেস্টে ইসরায়েলি দূতাবাসে মলোটভ ককটেল (পেট্রল বোমা) নিক্ষেপ করেন। একই সঙ্গে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। এর ফলে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ ইসরায়েলি দূতাবাসে হামলাকারী ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি একজন সিরিয়ার নাগরিক।

রোমানিয়ার পুলিশের মুখপাত্র জর্জিয়ান ড্রাগন স্থানীয় টেলিভিশন ডিজি২৪ চ্যানেলকে বলেছেন, ‘তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দূতাবাসে হামলার ঘটনাটি গাজায় ইসরায়েলের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়। বরং ভিসা না পাওয়ায় ব্যক্তিগত অসন্তোষ থেকে তিনি হামলা চালিয়েছেন।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি