ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১২ বছর পর সান্তোসে ফিরলেন নেইমার, জয় পেল না দল  


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

১২ বছর পর সান্তোসে ফিরলেন নেইমার, জয় পেল না দল  

 

শৈশবের ক্লাব সান্তোসে ১২ বছর পর আবারও মাঠে নামলেন নেইমার। তার ফেরার মুহূর্তকে ঘিরে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভিলা বেলমিরো স্টেডিয়ামে উপচে পড়েছিল দর্শক। তবে প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোসকে জয় এনে দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। বোতাফোগো এফসির বিপক্ষে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়।  

৩৩তম জন্মদিনে প্রিয় ক্লাবের হয়ে মাঠে নামেন নেইমার। তবে শুরুর একাদশে ছিলেন না তিনি। যখন তিনি মাঠে নামেন, তখন সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে ম্যাচ ড্র করে ফেলে দলটি।  

বার্সেলোনা ও পিএসজির হয়ে ইউরোপ মাতিয়ে এবং সাম্প্রতিক সময়ে এশিয়ার সৌদি প্রো লিগে খেলার পর আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেসসহ ছয়টি শিরোপা জিতেছিলেন তিনি। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছান। পরে ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখান।  

২০২৩ সালে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি করেন নেইমার। তবে ইনজুরির কারণে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান। দীর্ঘসময় মাঠের বাইরে থাকার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তিনি আবারও নিজ দেশে ফিরেছেন।  

নেইমার কি পুরনো ছন্দে ফিরতে পারবেন? আগামী দিনগুলোতেই মিলবে তার উত্তর।