এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ মে, ২০২৫, ০৭:০৫ পিএম
ভারতের কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঝাড়খণ্ডের চাইবাসা এমপি-এমএলএ আদালত। শনিবার (২৪ মে) আদালত এই আদেশ দেন এবং আগামী ২৬ জুন তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাহুল গান্ধীর আইনজীবী আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইলেও তা খারিজ করে দেন বিচারক। ঘটনাটি শুরু হয়েছিল ২০১৮ সালের ২৮ মার্চ কংগ্রেসের এক রাজনৈতিক সভা থেকে। ওইদিন রাহুল গান্ধী বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, "কারও বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলেও তিনি বিজেপির সভাপতি হতে পারেন।" এই মন্তব্যকে কুৎসিত ও মানহানিকর বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা।
এরপর ২০১৮ সালের ৯ জুলাই বিজেপি নেতা প্রতাপ কুমার রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন চাইবাসা আদালতে। মামলা চলাকালীন একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়, তবে পরে তিনি ঝাড়খণ্ড হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ চান।
শেষ পর্যন্ত চাইবাসা আদালত রাহুলের অনুপস্থিতিকে আমলে নিয়ে জামিন অযোগ্য ধারায় নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতের এই পদক্ষেপকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেসপন্থীরা এই আদেশকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছেন, তবে আদালত বলছে—নির্ধারিত নিয়ম অনুযায়ী রায় দেওয়া হয়েছে।
এখন দেখার বিষয়, রাহুল গান্ধী ২৬ জুন আদালতে হাজির হন কিনা, নাকি আবারো আইনি লড়াইয়ের পথ বেছে নেন।