ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তোমরা কীভাবে ঘুমাতে পারো? নেতানিয়াহুকে ইসরায়েলি বন্দী পরিবারগুলোর তীব্র প্রশ্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

তোমরা কীভাবে ঘুমাতে পারো? নেতানিয়াহুকে ইসরায়েলি বন্দী পরিবারগুলোর তীব্র প্রশ্ন

 

ইসরায়েলের জিম্মি ও নিখোঁজ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশজুড়ে বিক্ষোভে নামেন। তারা অভিযোগ করেন, ফিলিস্তিনি অঞ্চলে সামরিক অভিযান এবং বোমাবর্ষণের কারণে তাদের প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, অথচ সরকার যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার তেল আবিব, জেরুজালেম ও অন্যান্য শহরে বিক্ষোভের সময় ‘জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম’ সরকারকে তাদের আত্মীয়দের মুক্তি দেওয়ার জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানায়। তারা বলেন, “চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনার টেবিল ছেড়ে যাব না যা সকল বন্দীকে ফিরিয়ে আনবে।”

বন্দী মাতান জাঙ্গাউকারের মা আইনভ জাঙ্গাউকার নেতানিয়াহুকে সরাসরি প্রশ্ন করেন, “আপনি কীভাবে রাতে ঘুমাতে যান যখন ৫৮ জন জিম্মি মুক্তি না পেয়ে যন্ত্রণায় আছেন? আয়নায় নিজের মুখ কীভাবে দেখতে পান?”

নেতানিয়াহুর শিন বেটের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনির নিয়োগে পরিবারগুলোর অসন্তোষ আরো বেড়েছে। গাজার বিরুদ্ধে আরও সামরিক চাপ ও যুদ্ধে জিনির কঠোর অবস্থানের কারণে পরিবারের মনোবল ভেঙে পড়েছে।

জিনি যুদ্ধে যেকোনো চুক্তির বিরুদ্ধে এবং বন্দীদের মুক্তির বিরোধিতা করেছেন বলে জানা গেছে। ফোরামটি বলেছে, “যে ব্যক্তি বন্দীদের ভাগ্য নির্ধারণ করবে, তার এমন বক্তব্য হৃদয়বিদারক এবং নিন্দনীয়।”

আন্তর্জাতিক চাপের মাঝেও নেতানিয়াহু যুদ্ধ অবসানের চুক্তি করতে অনীহা দেখাচ্ছেন। এই অবস্থায় বন্দী পরিবারগুলো প্রশ্ন তুলেছে, যুদ্ধের নামে তাদের প্রিয়জনদের জীবন কেন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে এবং সরকারের নীতির পেছনে কার স্বার্থ কাজ করছে।