এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৫, ০৬:০৫ পিএম
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোকে সামনে রেখে সৌদি আরব পর্যটক আকর্ষণের জন্য বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান এবং তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে সৌদি আরবে প্রায় ৬০০টি পর্যটন স্থানে অ্যালকোহলের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে।
দেশটির ‘অতি-রক্ষণশীল’ সুনাম থাকা সত্ত্বেও পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেয়া হবে। তবে জনসাধারণের জন্য নির্ধারিত স্থান, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকছে। নতুন নিয়ম অনুসারে মেনু থেকে স্পিরিটজাত পানীয় সম্পূর্ণ বাদ যাবে।
এই নীতিগত পরিবর্তন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের কঠোর সুরম্য ভাবমূর্তি পরিবর্তন করা।
স্থানীয় কর্মকর্তারা মনে করছেন, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো আধুনিক পর্যটন গন্তব্যে নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
তবে, লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে মদ বিক্রি কঠোর নিয়ন্ত্রণে থাকবে। প্রশিক্ষিত কর্মী নিয়োগ ও অপব্যবহার রোধে কঠোর বিধিমালা প্রয়োগ করা হবে, যাতে দেশটির ইসলামী মূল্যবোধ বজায় থাকে। স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।