ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় ত্রাণ সংগ্রহে গেলে ইসরায়েলি গুলিতে ২১ ফিলিস্তিনি নিহত: মানবিক সহায়তার নামে রক্তঝরা বাস্তবতা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

গাজায় ত্রাণ সংগ্রহে গেলে ইসরায়েলি গুলিতে ২১ ফিলিস্তিনি নিহত: মানবিক সহায়তার নামে রক্তঝরা বাস্তবতা

 

গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৬ মে) সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭৫ জন। এই তথ্য নিশ্চিত করেছে গাজার একটি রেড ক্রস পরিচালিত অস্থায়ী হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাবারের জন্য শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। ঘটনাটি ঘটে বিতরণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে, একটি ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায়। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও রয়েছে।

গাজায় সহিংসতা চলমান থাকলেও বিতরণকেন্দ্র ঘিরে এমন হামলার ঘটনা নতুন নয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বিতরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই গুলিতে কমপক্ষে ৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত 'গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)' দাবি করেছে, রোববার সকালের আগে ১৬টি ট্রাকে ‘নির্বিঘ্নে’ ত্রাণ পৌঁছানো হয়েছে। তারা মৃত্যুর খবর ‘ভুল তথ্য’ বলে উড়িয়ে দিয়েছে। তবে বিতরণ এলাকা আন্তর্জাতিক গণমাধ্যম বা স্বাধীন সংস্থার জন্য নিষিদ্ধ হওয়ায় এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

৪০ বছর বয়সী ইব্রাহিম আবু সাউদ বলেন, “আমরা সেনাবাহিনী থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিলাম, তখনই গুলি চালায়।” আরেকজন, মোহাম্মদ আবু তায়িমা জানান, “আমার চাচাতো ভাই শহীদ হয়েছেন, এক নারীও গুলিতে মারা গেছেন।”

জাতিসংঘ এই বিতরণ পদ্ধতিকে মানবিক নীতিমালার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। কারণ এতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মর্যাদা হুমকির মুখে পড়ে। অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।