ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অনুমতি ছাড়া ২ লাখ ৭০ হাজার হজযাত্রী মক্কায় প্রবেশে বাধা, কঠোর ব্যবস্থা জারি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

অনুমতি ছাড়া ২ লাখ ৭০ হাজার হজযাত্রী মক্কায় প্রবেশে বাধা, কঠোর ব্যবস্থা জারি


সৌদি আরবের মক্কায় অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেও ২ লাখ ৭০ হাজার মুসল্লি প্রবেশে ব্যর্থ হয়েছেন। মক্কায় ঢোকার আগেই তাদের বাধা দেয়া হয়েছে বলে রোববার (১ জুন) দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত বছর তীব্র গরমে এক হাজারের বেশি হজযাত্রী মৃত্যুর পর সৌদি সরকার হজ যাত্রায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। হজের সময় অনুমতি ছাড়া প্রবেশ ও হজের চেষ্টা ঠেকাতে বিভিন্ন ধরনের কড়াকড়ি চালানো হচ্ছে। এতে সৌদি কর্তৃপক্ষ চান, শুধুমাত্র অনুমোদিত ও নিবন্ধিত হাজিরাই মক্কায় প্রবেশ ও হজ করতে পারবে।

বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের থেকে প্রায় ১৪ লাখ হজযাত্রী মক্কায় পৌঁছেছেন এবং আগামী কয়েকদিনে তাদের সংখ্যা আরও বাড়বে বলে জানানো হয়েছে।

সৌদি সরকার স্পষ্ট জানিয়েছে, অনুমতি ছাড়া হজ করার ক্ষেত্রে বিপুল অর্থ জরিমানা আরোপ করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যা সৌদি নাগরিক এবং বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য হবে।

রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে হজ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মক্কার বাসিন্দারাও অনুমতি ছাড়া হজ করতে পারবেন না। এই কঠোর নিয়মের মাধ্যমে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত জনসমাগম রোধ করা হচ্ছে।

প্রতি বছর জিলহজ মাসে পালিত হয় হজ, যেখানে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ ধর্মীয় কর্তব্য পালন করতে মক্কায় যাত্রা করেন। হজের সময় বিভিন্ন নিয়মকানুন মেনে চলা আবশ্যক, যা এবার আরও কঠোরভাবে কার্যকর হচ্ছে।