এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ জুন, ২০২৫, ০১:০৬ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌরকে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান নিযুক্ত করেছেন। এই নিয়োগ দেওয়া হয়েছে ইসরায়েলের বিমান হামলায় আইআরজিসির প্রাক্তন প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ ২০ জন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর।
নতুন দায়িত্ব গ্রহণের পরই পাকপৌর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "শিশু হত্যাকারী জায়নবাদী শাসকের জন্য শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে। আমাদের শহীদ কমান্ডার, বিজ্ঞানী ও নিরীহ নাগরিকদের রক্তের বদলা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।" ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
গত শুক্রবার ভোরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলি হাজিজাদে এবং খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। পাকপৌর তার বক্তব্যে আরও যোগ করেন, "সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী আমরা শত্রুর মোকাবিলায় কঠোর ও নির্মম পদক্ষেপ নেব। ইসরায়েলি শাসকদের জন্য অপেক্ষা করছে মর্মান্তিক পরিণতি।"
এই ঘটনায় ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংঘাত নিরসনে জরুরি আলোচনার আহ্বান জানানো হয়েছে।