এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম
ইরানে সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। ইসরায়েলের আরবি ও ফার্সি ভাষার সামরিক মুখপাত্রদের মাধ্যমে সরাসরি ইরানি নাগরিকদের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে।
আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিখাই আদরাই এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, "যারা ইরানের সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্র বা সংশ্লিষ্ট স্থাপনাগুলোর আশেপাশে রয়েছেন, তারা অবিলম্বে এলাকা ত্যাগ করুন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ফিরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।" এই সতর্কতা পার্সি ভাষায়ও প্রকাশ করা হয়, যাতে ইরানি নাগরিকদের সরাসরি বার্তা পৌঁছে যায়।
ফার্সি ভাষার সামরিক মুখপাত্র মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) কামাল পেনহাসিও একই বার্তা ফার্সি ভাষার আইডিএফ এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন।
বিশ্লেষকরা মনে করছেন, এটি ইসরায়েলের তরফ থেকে একটি স্পষ্ট ও ব্যতিক্রমধর্মী হুঁশিয়ারি, যা একটি সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত বহন করছে। এই বার্তার মাধ্যমে ইসরায়েল কার্যত ইরানের সামরিক স্থাপনাগুলোকে বৈধ হামলার লক্ষ্য হিসেবে উপস্থাপন করছে।
ইসরায়েলের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে, যা পরবর্তী সময় অঞ্চলজুড়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।