এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। এই সংঘাত ঘিরে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তৈরি হয়েছে আরও বিস্তৃত যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা।
এই প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ভেনেজুয়েলার মতো একাধিক দেশ ইসরায়েলকে পরিস্থিতির জন্য দায়ী করেছে। এসব দেশ শান্তির আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলের উচিত দখলদারিত্ব ও আগ্রাসী নীতিতে ইতি টেনে আলোচনার পথে ফিরে আসা।
সংঘাত প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ—জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তিন দেশের নেতারা মনে করছেন, আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ তৈরি করা যেতে পারে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল রয়টার্সকে বলেন, তারা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমাতে সক্রিয়ভাবে ভূমিকা রাখার চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, ইরান অতীতে আলোচনার সুযোগ নষ্ট করেছে, তবে এখনো আশা আছে।
জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, “আমরা বিশ্বাস করি এখনো আলোচনার দরজা খোলা। ইরানকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, যেন এই সংঘাত আরও ছড়িয়ে না পড়ে এবং ইউরোপ বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে না পড়ে।”
জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি।