ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার তালিকায় ভুটানসহ ৩৬ দেশ, বাড়ছে কূটনৈতিক উদ্বেগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ১২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার তালিকায় ভুটানসহ ৩৬ দেশ, বাড়ছে কূটনৈতিক উদ্বেগ

 

আবারও কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। এবার ভুটানসহ ৩৬টি দেশ যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকায় স্থান পেতে চলেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি লিখিত বার্তা থেকে এ তথ্য উঠে এসেছে, যা পর্যালোচনা করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

বার্তাটিতে বলা হয়েছে, এই দেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে নতুন শর্ত ও মানদণ্ড পূরণে ব্যর্থ হলে তাদের নাগরিকদের ওপর ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট মার্কিন কূটনীতিকদের কাছে পাঠানো হয়েছে। দেশগুলোর কাছে দুই মাস সময় দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণের জন্য, আর প্রাথমিক কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার সকাল ৮টা পর্যন্ত।

নিষেধাজ্ঞার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—অকার্যকর নাগরিক নিবন্ধন ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত সরকার, এবং উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার মেয়াদ শেষে ফেরত না আসার প্রবণতা। কিছু দেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা অর্থের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে, যার ফলে পরিচয় যাচাই কঠিন হয়ে পড়ে। এছাড়া, এই দেশগুলোর কিছু নাগরিক যুক্তরাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত বলেও দাবি করা হয়েছে।

এই তালিকায় দক্ষিণ এশিয়ার ভুটান ছাড়াও রয়েছে আফ্রিকার নাইজেরিয়া, ঘানা, সেনেগাল, জাম্বিয়া, মধ্য এশিয়ার কিরগিজস্তান এবং ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ।

এর আগে ৪ জুন ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। এবার নতুন এই ৩৬ দেশের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরও বিস্তৃত নীতির ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার সূচক বলেই মনে করছেন।