ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানে ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি: ‘মোসাদের বড় ধাক্কা’ বলছে তেহরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

ইরানে ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি: ‘মোসাদের বড় ধাক্কা’ বলছে তেহরান

 

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ‘ইসমাইল ফিকরি’ নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইরানের রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করছিলেন বলে অভিযোগ। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ আদালত ইসমাইল ফিকরির মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর তা কার্যকর করা হয়।

মিজান জানায়, ফিকরি মোসাদের হয়ে কাজ করার সময় ইসরায়েলের দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন এবং তাদের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত ‘সংবেদনশীল ও গোপন’ তথ্য পাঠান। ২০২৩ সালের ডিসেম্বরে ফিকরিকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী। দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়।

ইরানি কর্তৃপক্ষ একে মোসাদের জন্য ‘বড় গোয়েন্দা ধাক্কা’ বলে অভিহিত করেছে। তেহরান বলছে, এই ঘটনা প্রমাণ করে শত্রুরা ইরানের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে ইরানের গোয়েন্দা সংস্থা তা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ তেহরান তার অভ্যন্তরীণ নিরাপত্তার উপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।