এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ জুন, ২০২৫, ১১:০৬ পিএম
ইরানের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগে রয়েছে ইসরাইল। ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ ওয়ালা নিউজে প্রকাশিত এক নিবন্ধে জানিয়েছেন, চলমান যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই তা ইসরাইলের সমাজ ও অর্থনীতিকে দুর্বল করে ফেলবে।
স্ট্রানোভিচ, যিনি ইসরাইলের ‘জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চ’-এর গবেষক এবং সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা, বলেন—ইসরাইল বুঝতে পারছে যে, ইরানের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়। তবুও তারা দ্রুত কোনো সমাধানে পৌঁছাতে পারছে না।
তিনি বলেন, “যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ইসরাইলের জন্য শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও সামাজিকভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দীর্ঘমেয়াদি যুদ্ধ জনগণের মনোবল ও অর্থনীতির উপর চরম প্রভাব ফেলবে।”
বিশ্লেষকের মতে, রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভাজনের মধ্য দিয়ে যাওয়া ইসরাইল এখন যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় নেই। তাছাড়া, ইসরাইলি নেতৃত্বও যুদ্ধ বন্ধের বিষয়ে একমত হতে পারছে না—এতে করে নীতিনির্ধারকদের মধ্যে বিভ্রান্তি ও দ্বিধা আরও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্লেষকের মতে, ইসরাইলের উচিত দ্রুত কূটনৈতিক পথে সমাধান খোঁজা, কারণ ইরানের প্রতিরোধ ক্ষমতা ও সামরিক সক্ষমতা যে পর্যায়ে পৌঁছেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই।
চলমান উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা ইঙ্গিত দেয়—মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেই চ্যালেঞ্জ করছে।