এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ জুন, ২০২৫, ১১:০৬ পিএম
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সামরিক হামলার সময় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির লাইভ সম্প্রচারে ঘটে ভয়াবহ এক মুহূর্ত। এক নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করছিলেন, ঠিক তখনই বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো স্টুডিও। ধুলায় ঢেকে যায় ক্যামেরা, মুহূর্তেই চেয়ারে বসা অবস্থান ত্যাগ করে সেখান থেকে পালিয়ে যান উপস্থাপিকা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্টুডিওর দেয়াল কাঁপতে থাকে এবং ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্প্রচারকেন্দ্রে।
জানা যায়, ইসরায়েলের বিমানবাহিনী ‘দ্য রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানে শুক্রবার ভোর ৪টার দিকে তেহরানসহ অন্তত ৮টি শহরে হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনা। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় কমপক্ষে ১০০টি স্থাপনার ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ শীর্ষ পর্যায়ের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা।
ইসরায়েল দাবি করে, তারা ইরানের ‘উসকানি ও প্রোপাগান্ডা কেন্দ্রগুলো’ ধ্বংস করতে চায়। হামলার আগে তেহরানের কিছু এলাকায় সাধারণ মানুষকে সরিয়ে নিতে হুমকি দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ইরান পাল্টা জবাব হিসেবে শুরু করেছে ‘অপারেশন ট্রু প্রমিজ-থ্রি’। এই অভিযানে ইসরায়েলে এ পর্যন্ত নিহত হয়েছে ২৪ জন এবং আহত হয়েছে অন্তত ৫৯২ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় চার দিনে নিহত হয়েছে কমপক্ষে ২৪৪ জন। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।