এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুন, ২০২৫, ০১:০৬ পিএম
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য প্রকাশ করেন।
ম্যাক্রোঁ বলেন, "যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে তা সংঘাত প্রশমনে বড় ভূমিকা রাখবে।" তিনি ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, "ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান কৌশলগতভাবে ভুল হবে।"
ফরাসি প্রেসিডেন্ট আরও যোগ করেন, "যারা ভেবেছে বাইরে থেকে হামলা চালিয়ে কোনো দেশকে নিয়ন্ত্রণ করা যায়, তারা ইতিহাসে বারবার ব্যর্থ হয়েছে।" আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, "একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা আছে, কিন্তু সেটি দু'পক্ষের ইচ্ছার ওপর নির্ভর করছে।"
এদিকে, ম্যাক্রোঁর এই বক্তব্যের সময়ই হোয়াইট হাউজ থেকে ঘোষণা আসে যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিবেচনায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে আগেই ফিরে যাবেন। এরপর ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের "জরুরি ভিত্তিতে শহর খালি করতে" বলেন, যদিও এই নির্দেশনার কারণ স্পষ্ট করেননি।
ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন, "ইরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। তাদের অবশ্যই শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে।" উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি বাস্তবায়নের দিকে।