এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ জুন, ২০২৫, ১১:০৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দেওয়া এক বার্তায় তিনি জানান, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ খামেনি কোথায় অবস্থান করছেন। তিনি একটি সহজ টার্গেট এবং সেখানে তিনি নিরাপদে রয়েছেন। তবে আমরা তাকে এখনই হত্যা করছি না।”
এই মন্তব্যের মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দেন ট্রাম্প। তিনি আরও লিখেন, “আমরা বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর হামলা চাই না। তবে আমাদের ধৈর্য ক্রমশ ফুরিয়ে আসছে।”
এছাড়াও ট্রাম্প দাবি করেন, “আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।” বিশেষজ্ঞরা বলছেন, এমন বক্তব্য এই মুহূর্তে যুদ্ধাপরাধের ইঙ্গিত বা বড় আকারের সামরিক অভিযানকে উসকে দিতে পারে।
এর আগে ট্রাম্প আরেকটি পোস্টে তেহরানের সাধারণ মানুষদের ‘সতর্কভাবে সরে যাওয়ার’ অনুরোধ জানান।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ইসফাহান শহরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শহরের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইরান ইসরায়েলের দিকে পাল্টা জবাব হিসেবে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মূলত, ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
যুদ্ধের প্রথম দিকে ইরান একযোগে বহু ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও সাম্প্রতিক দিনে হামলার মাত্রা কিছুটা কমেছে বলে জানা গেছে। যদিও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি।