ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিঃশর্ত আত্মসমর্পণ চাই খামেনিকে হত্যার হুমকি দিয়ে ট্রাম্পের যুদ্ধংদেহী বার্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ১১:০৬ এএম

নিঃশর্ত আত্মসমর্পণ চাই খামেনিকে হত্যার হুমকি দিয়ে ট্রাম্পের যুদ্ধংদেহী বার্তা

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আমরা তাকে এখনই হত্যা করছি না।” সঙ্গে যোগ করেন, “নিঃশর্ত আত্মসমর্পণ চাই!”

এই বক্তব্যের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একাধিক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কখনো ইহুদিদের সঙ্গে আপস করব না।” আরেকটি পোস্টে তিনি লেখেন, “যুদ্ধ শুরু।”

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ডন-এর পরিচালক ও আইনজীবী সারাহ লিয়া উইটসন বলেন, “যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধে লিপ্ত নয়, তখন খামেনিকে হত্যা করা হবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি বেআইনি হত্যাকাণ্ড।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে। এ ধরনের উত্তেজনাকর হুমকি শান্তির সম্ভাবনাকে আরও দুর্বল করে দিচ্ছে।

এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে বিতর্ক ছড়িয়েছে। কংগ্রেস সদস্য টমাস ম্যাসি মন্তব্য করেছেন, “এটা আমাদের যুদ্ধ নয়। যদি হয়ও, তবে তা সিদ্ধান্ত নেবে কংগ্রেস।”

এখন পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। ইরান সতর্ক করেছে, তারা তেল আবিব ও হাইফা লক্ষ্য করে নতুন হামলা চালাতে পারে। তেহরানে আরও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে।