এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম
ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান 'ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সাইন্স' সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। গত শনিবার ইরানের হামলায় প্রতিষ্ঠানটির মূল ভবন, গবেষণাগার ও সংবেদনশীল যন্ত্রপাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ওয়াইজম্যান ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে ইসরাইলের সামরিক গবেষণা ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। প্রতিষ্ঠানটি ইসরাইলি অস্ত্র নির্মাতা কোম্পানি 'এলবিট সিস্টেমস'-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করত, যার শাখা মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে রয়েছে। ইসরাইলি মিডিয়া প্রথমে দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্রটি 'দুর্ঘটনাক্রমে' আঘাত হেনেছে, কিন্তু পরবর্তীতে স্বীকার করে যে ইরান সরাসরি এটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হামলার পরের ছবিগুলোতে দেখা গেছে, ইনস্টিটিউটের ভবনগুলো পুড়ে ছাই হয়ে গেছে, জানালা ও ছাদ ধসে পড়েছে এবং গবেষণার মূল্যবান উপকরণ নষ্ট হয়ে গেছে। ইসরাইলি বিশেষজ্ঞরা এটিকে 'ভয়াবহ ক্ষতি' বলে বর্ণনা করেছেন। প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তাদের অপূরণীয় ক্ষতির কথা স্বীকার করেছেন।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এই হামলাকে 'অপারেশন ট্রু প্রমিজ ৩' অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। ইসরাইল গত শুক্রবার ইরানে হামলা চালানোর পরই এই প্রতিশোধমূলক অভিযান শুরু হয়। আইআরজিসি সতর্ক করে দিয়েছে যে ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে এই ধরনের হামলা আরও বাড়তে পারে।