এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৫, ১১:০৬ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেন, “ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী।” তিনি ইরানকে যুদ্ধ বন্ধ করে আলোচনার পথে আসার আহ্বান জানান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতানিয়াহু বলেন, “ইরানের হামলায় কিছু বেদনাদায়ক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইসরায়েলের অভ্যন্তরীণ প্রতিরক্ষা দৃঢ় এবং জনগণ ঐক্যবদ্ধ।” গাজায় চলমান লড়াই প্রসঙ্গে তিনি জানান, “যতক্ষণ না বন্দি ইসরায়েলিদের ঘরে ফেরানো যাচ্ছে এবং হামাস সম্পূর্ণ পরাজিত হচ্ছে, ততক্ষণ লড়াই চলবে।”
অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তারা সেজ্জিল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ১২টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আইআরজিসির ভাষ্যমতে, “ইসরায়েলের আকাশ এখন শূন্য, আমাদের ড্রোন ও মিসাইলের জন্য পথ উন্মুক্ত।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি শুরুতে বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন নেতানিয়াহুকে আগ্রাসন অব্যাহত রাখতে উৎসাহ দিচ্ছেন। তবে তিনি এখনো মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ঘোষণা দেননি।
ইসরায়েলি সূত্র অনুযায়ী, ইরানের ছোড়া ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৪ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন। পাল্টা ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছেন অন্তত ২২৪ জন।
সর্বশেষ, ইসরায়েল আরাক পারমাণবিক কেন্দ্রে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে স্থানীয় বাসিন্দাদের এলাকা ত্যাগ করতে বলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্ব এখন ট্রাম্পের ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ এবং ইরান-যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দিকেই তাকিয়ে।