ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ-বিমান মোতায়েন, ইরানকে চাপে রাখতে মার্কিন কৌশল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ-বিমান মোতায়েন, ইরানকে চাপে রাখতে মার্কিন কৌশল

 

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অঞ্চলটিতে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগর ও ওমান উপসাগরে যুদ্ধজাহাজের বহর বাড়ানো হচ্ছে।

সামরিক কর্মকর্তারা জানান, দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী 'ইউএসএস নিমিৎজ'কে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও যুক্ত হয়েছে এই বহরে, যা যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে।

এদিকে, মার্কিন বিমানবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে এফ-১৬, এফ-১২ ও এফ-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইউরোপে ৩০টিরও বেশি ট্যাঙ্কার বিমান স্থানান্তর করা হয়েছে, যা যুদ্ধকালীন বিমানগুলোতে আকাশেই জ্বালানি সরবরাহ করতে পারবে।

যদিও এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, "সময় ফুরিয়ে আসছে"। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ওপর চাপ বাড়াতেই এই সামরিক তৎপরতা।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতি আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল এখন সতর্ক দৃষ্টি রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে।