ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আলোচনায় আগ্রহ দেখাল ইইউ, ইরান বলছে—আগে ‘আগ্রাসন’ থামান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ০৩:০৬ পিএম

আলোচনায় আগ্রহ দেখাল ইইউ, ইরান বলছে—আগে ‘আগ্রাসন’ থামান

 

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভায় উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৈঠকে ইউরোপীয় নেতারা আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন। ইইউ কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেন, “আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না। তাই আলোচনা চালিয়ে যেতে আমরা আগ্রহী।”

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও বলেন, “এটি একটি সংকটময় সময়। আমরা পরিষ্কারভাবে বলেছি, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমরা চাই, ইরান যুক্তরাষ্ট্রের সাথেও সংলাপে বসুক।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের মতে, “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আলোচনা ছাড়া কোনো পথ নেই।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে জানান, “যতক্ষণ না আগ্রাসন বন্ধ হচ্ছে, ততক্ষণ কূটনৈতিক আলোচনার কোনো বাস্তবতা নেই।” তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর ওপর হামলা হলে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

আরাঘচি জানান, ইরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে এবং আগ্রাসনের দায় ‘জঘন্য অপরাধ’ হিসেবে বিবেচিত হবে।

বৈঠকের আগে ইইউ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মধ্যে সমন্বয় বৈঠক করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটন থেকে সরাসরি জেনেভায় পৌঁছান।

এক সপ্তাহ আগে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো উচ্চপর্যায়ের কূটনৈতিক সাক্ষাৎ হলো। এই বৈঠক সংঘাত নিরসনের শেষ সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক মহলে।