ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা ২১টি মুসলিম দেশের, ‘আঞ্চলিক বিপর্যয়ের’ হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ০৩:০৬ পিএম

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা ২১টি মুসলিম দেশের, ‘আঞ্চলিক বিপর্যয়ের’ হুঁশিয়ারি

 

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ২১টি আরব ও মুসলিম দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো ইসরায়েলি হামলাকে "বর্বর আগ্রাসন" হিসেবে অভিহিত করে এর অবসান দাবির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—ইরাক, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, সুদান, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সোমালিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, পাকিস্তান, তুরস্ক, চাদ ও ব্রুনাই।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “ইসরায়েলের আক্রমণ শুধু ইরান নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলা থেকে বিস্তৃত ও বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।”

বিশেষ করে ইরানের ইসফাহানে অবস্থিত নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে ধরা হয় বিবৃতিতে। বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-র অধীনে থাকা পারমাণবিক স্থাপনাগুলো রক্ষা করা আন্তর্জাতিক দায়িত্ব। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সব দেশের উচিত এমন গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার ওপর আক্রমণ থেকে বিরত থাকা।

পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু অস্ত্র বিস্তার রোধে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আহ্বান জানান—অঞ্চলের সব দেশ যেন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (NPT)-তে যোগ দেয়।

এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েক দিনের সামরিক উত্তেজনা চলছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে।