ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র সহায়তায় ইসরায়েলে ১৪টি কার্গো বিমান, ইরানবিরোধী যুদ্ধের প্রস্তুতি জোরদার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ০৩:০৬ পিএম

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র সহায়তায় ইসরায়েলে ১৪টি কার্গো বিমান, ইরানবিরোধী যুদ্ধের প্রস্তুতি জোরদার

 

ইরানবিরোধী চলমান যুদ্ধে সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে ১৪টি কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৯ জুন) এসব চালানের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানায়, ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে মোট ১৪টি কার্গো ফ্লাইট অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে এসেছে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ কার্গো ফ্লাইটে সামরিক সরঞ্জাম এসেছে দেশটিতে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা ইসরায়েলি বাহিনীর আভিযানিক সক্ষমতা বজায় রাখা ও যুদ্ধ পরিস্থিতির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। এতে যুদ্ধ প্রস্তুতি ও সরঞ্জাম মজুদের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে নতুন চালানে কী ধরনের অস্ত্র বা প্রযুক্তি রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলের পক্ষ। যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এই অস্ত্র সহায়তার খবর এমন সময় এলো, যখন ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত ইসরায়েলের ‘অ্যারো’ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুত প্রায় শেষ হয়ে এসেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, ইসরায়েল ১৩ জুন ইরানে নজিরবিহীন হামলা শুরু করলে পাল্টা জবাবে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে। তবে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলোর বেশিরভাগই ভূপাতিত হয়।