এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জুন, ২০২৫, ০৯:০৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে জানিয়েছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা “নিখুঁতভাবে” পরিচালিত হয়েছে এবং এসব স্থাপনা “সম্পূর্ণ ধ্বংস” হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (DIA) ফাঁস হওয়া একটি প্রাথমিক মূল্যায়নে এ সফলতার ব্যাপারে সংশয় প্রকাশ করেছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে এখনো নিশ্চিত নয় পেন্টাগন। যুক্তরাজ্যের বিবিসি ও যুক্তরাষ্ট্রের সিবিএসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই মূল্যায়নের খবর উঠে আসে।
এই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি ঘটনাটিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, ইরান ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্প সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “আমি যত দ্রুত সম্ভব শান্তি চাই। শাসনব্যবস্থা পরিবর্তনে বিশৃঙ্খলা তৈরি হয়—আর আমরা তা চাই না।”
ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সংকটে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, “ইরানে আমার কারও সাহায্য লাগবে না—বরং আপনার আমার দরকার।”
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সংবাদমাধ্যমকে অভিযুক্ত করেন হামলার ‘সফলতা’কে ছোট করে দেখানোর চেষ্টা করার জন্য। তিনি বলেন, “এটি ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলা—আর মিডিয়া তা উপেক্ষা করছে, যা খুবই অসম্মানজনক।”
এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের দাবি ও গোয়েন্দা প্রতিবেদনকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে ও বিশ্বজুড়ে।