এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জুন, ২০২৫, ০৯:০৬ পিএম
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অভাবনীয় সাফল্য পেয়েছেন ৩৩ বছর বয়সী প্রগতিশীল নেতা জোহরান মমদানি। প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে তিনি ইতিহাস গড়লেন। কুওমো পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "এটি তার রাত, তিনি জিতেছেন।"
এপির প্রতিবেদন অনুযায়ী, এই জয় শুধু একটি প্রাইমারি নির্বাচনের ফল নয়, বরং ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশক। চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুওমোর রাজনৈতিক ফিরে আসার স্বপ্ন ধূলিসাৎ করেছেন মমদানি।
যদিও র্যাঙ্কড চয়েস ভোট গণনা শেষ হতে আরও সময় লাগবে, তবে প্রথম পছন্দের ভোটে মমদানির বিশাল ব্যবধানে এগিয়ে থাকা তাকে বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে। নিউইয়র্ক সিটি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই লাখের বেশি ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, যা মমদানির পক্ষে শক্তিশালী ইঙ্গিত।
মাত্র এক বছর আগেও যিনি রাজনীতির মূলধারায় অপরিচিত ছিলেন, সেই মমদানি আজ নিউইয়র্কের সবচেয়ে আলোচিত নাম। তার "ফ্রি বাস, ফ্রি চাইল্ড কেয়ার, সাশ্রয়ী আবাসন এবং ধনীদের উপর বাড়তি কর" এর অঙ্গীকার তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন এনে দিয়েছে।
"আজ রাত ইতিহাসের রাত," বিজয়ের ভাষণে বলেছেন মমদানি। ব্রুকলিনের তার সমর্থকদের উৎসবে মুখরিত ছিল রাস্তাগুলো। এক তরুণী বলেছেন, "শহরটি আবার প্রাণ ফিরে পেয়েছে।"
৬৭ বছর বয়সী কুওমো তার রাজনৈতিক অভিজ্ঞতা ও বিশাল তহবিল সত্ত্বেও এই তরুণ প্রার্থীর কাছে হেরেছেন। ২০১৮ সালে জনপ্রিয় গভর্নর থাকলেও যৌন হয়রানির একাধিক অভিযোগে তার পতন হয়েছিল।
জোহরান মমদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন। তার এই জয় ডেমোক্র্যাটিক পার্টিতে প্রগতিশীল ধারার জয় হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যত রাজনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে।