এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জুন, ২০২৫, ০৯:০৬ পিএম
মুসলিম ঐক্যের ডাক: সৌদি যুবরাজকে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের স্পষ্ট বার্তাইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইরান এগিয়ে যাচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই ঐক্য নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। সোমবার (২৩ জুন) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, “আমরা বিশ্বাস করি, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজন তৈরি করতে চায়, যেখানে ইরান চায় আঞ্চলিক শান্তি ও সহযোগিতা।” তিনি আরও জানান, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার, বিদেশি হস্তক্ষেপমুক্ত মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রয়েছে ইরান।
ইসরায়েলের ১২ দিনের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে সৌদি যুবরাজের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, “আমরা কূটনৈতিক সমাধানকে স্বাগত জানালেও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এবং বৈধ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের অধিকার থেকে কখনও পিছপা হব না।”
তিনি সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, “আমরা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছি। এই হামলা বন্ধে আমরা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “মুসলিম দেশগুলো কখনোই ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সহায়ক হবে না। আমরা আমাদের ভূখণ্ডকে কোনো সামরিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেব না।”
সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনায় পেজেশকিয়ান যে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছেন, তা নিয়েও সৌদি যুবরাজ ‘কারণবোধগম্য’ মনোভাব প্রকাশ করেন।
এই ফোনালাপ মধ্যপ্রাচ্যে মুসলিম ঐক্যের নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।