ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আমরা স্বৈরাচারের কাছে মাথা নত করব না জোরালো বার্তা হিজবুল্লাহর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ০৫:০৬ পিএম

আমরা স্বৈরাচারের কাছে মাথা নত করব না জোরালো বার্তা হিজবুল্লাহর

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এক দৃঢ় বার্তায় জানিয়েছেন, হিজবুল্লাহ কখনোই মার্কিন-ইসরায়েলি আধিপত্যের কাছে আত্মসমর্পণ করবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে স্বৈরাচারী শক্তিগুলোর আগ্রাসন মোকাবিলা করে আসছে।”

তিনি উল্লেখ করেন, “আমেরিকা ও ইসরায়েলের চোখে ইরানের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বায়তুল মোকাদ্দাসসহ তাদের ভূমি মুক্ত করার সংগ্রামে পাশে দাঁড়ানো।”

শেখ নাইম কাসেম বলেন, “এই নৈতিক অবস্থান ইরানকে শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কিন্তু আজ ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস এবং ইসলামি সরকার উৎখাতের তিনটি লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে।”

তিনি বলেন, “ইরানের মতো সাহসী দেশ নিজের সিদ্ধান্তে অটল থেকে আন্তর্জাতিক পরিসরে শক্ত অবস্থান গড়ে তুলেছে। হিজবুল্লাহ ইরানের এই অবস্থানের প্রতি সম্পূর্ণ সমর্থন জানায় এবং দখলদারিত্ব ও আধিপত্যবাদী শক্তির মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত।”

হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, আপস করব না। আমাদের মাতৃভূমি, সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিরোধ চালিয়ে যাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গর্বিত ও স্বাধীন স্বদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।”

এই বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে হিজবুল্লাহর অবস্থান আরও পরিষ্কারভাবে তুলে ধরেছে।