এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ জুন, ২০২৫, ০১:০৬ পিএম
ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের অন্তত নয়জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি সরকারি মিডিয়া সংস্থা। নিহতদের ‘শহিদ’ আখ্যা দিয়ে এই হত্যাকাণ্ডকে সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে ইরান।
বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মোর্তেজা কার আমুজিয়ান শনিবার তেহরানে সাংবাদিকদের জানান, “ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৯ জনেরও বেশি সাংবাদিক শহিদ হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত রয়েছেন, যাদের চিকিৎসা চলছে।”
তিনি আরও বলেন, এই হামলাগুলো টার্গেট করে পরিকল্পিতভাবে চালানো হয়েছে, যাতে সংবাদ প্রচারে নিয়োজিত মানুষদের ভয়ভীতি দেখানো যায় এবং সত্য চাপা দেওয়া যায়।
মোর্তেজা কার আমুজিয়ান দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) রোম সংবিধির ৮ অনুচ্ছেদ, ধারা ২ অনুসারে সাংবাদিকদের উপর হামলা যুদ্ধাপরাধের শামিল। তাই এসব অপরাধকে বিশ্ব মিডিয়া বা আন্তর্জাতিক সম্প্রদায় অবহেলা করতে পারে না।
তিনি ঘোষণা করেন, বাসিজ মিডিয়া অর্গানাইজেশন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এই অপরাধের বিচার দাবি করে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে।
এই পরিস্থিতিতে তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের ‘মিডিয়া নিধন অভিযানের’ বিরুদ্ধে অবস্থান নেয় এবং সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে মিডিয়া জগতে উদ্বেগ আরও বেড়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে বৈশ্বিক আলোচনা শুরু হতে পারে।
ইসরায়েল এখনও এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।