এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবের কৌশলগত ও অভিজাত এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ দীর্ঘদিন এসব তথ্য গোপন রেখেছে। সম্প্রতি স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য ফাঁস হয়েছে।
সূত্রে জানা গেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে তেলআবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরের কাছে অবস্থিত একটি বিলাসবহুল ৩২ তলা অ্যাপার্টমেন্ট ভবন এবং আজ্রিয়েলি শপিং মলে সরাসরি আঘাত হানে। ভবনটিতে আগুন ধরে যায় এবং বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে, মলের একাধিক দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ শেকেল।
ইসরায়েলি কর্তৃপক্ষ এতদিন এসব তথ্য প্রকাশ করেনি, কারণ তারা আশঙ্কা করেছিল যে ইরান ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে পারলে পরবর্তী হামলার জন্য আরও সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবে। তবে স্থানীয় মিডিয়া চ্যানেল ১২ এবং দ্য টাইমস অব ইসরায়েলের অনুসন্ধানে বিষয়টি প্রকাশ্যে আসে।
গত ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতে ইরান ৫০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলে ২৮ জন নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়, তবুও কিছু লক্ষ্যভেদী হামলা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে।
এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের দুর্বল দিকগুলো উন্মোচন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি, ইরানের সামরিক সক্ষমতা ও হামলার নির্ভুলতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে কোনো সংঘাত হলে ইসরায়েলকে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।