এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার জন্য ত্রাণ কেন্দ্রে অপেক্ষারত ছিলেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোর থেকে শুরু হওয়া হামলায় গাজা শহর ও উত্তরাঞ্চলে ৪৭ জন প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেইতুন ও আল-জাওইয়া বাজার এলাকায় বিমান হামলার পর আহতদের ভিড়ে উত্তর গাজার আল-আহলি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালে পর্যাপ্ত বেড ও ওষুধের অভাব রয়েছে, অনেক আহতকে মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশেষ উদ্বেগের বিষয় হলো, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন দক্ষিণের রাফাহ এলাকার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য নিতে গিয়েছিলেন। গত কয়েক মাসে ইসরায়েলি সেনারা ত্রাণ কেন্দ্রের আশেপাশে গুলি চালিয়ে ৫৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মানবিক সংকটও গভীর হচ্ছে। অস্ট্রেলীয় স্বেচ্ছাসেবী নার্স ক্রিস্টি ব্ল্যাক জানান, গাজার হাসপাতালগুলোতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। "নয় বছর বয়সী শিশুরা দুই বছর বয়সীদের মতো দেখাচ্ছে," বলেছেন তিনি। শ্বাসকষ্ট ও পানিবাহিত রোগও মহামারির আকার নিচ্ছে।
ইসরায়েলি সেনারা গাজাবাসীকে দক্ষিণে সরে যাওয়ার লিফলেট বিলি করলেও, সেখানেও হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও গাজার বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা চলমান রয়েছে।