ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয় দেশজুড়ে মুদি দোকান, কিয়স্ক এবং সুপারমার্কেটে তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করেছে। সোমবার জারি করা এক সরকারি নির্দেশনায় জানানো হয়, খাদ্য নিরাপত্তা জোরদার, ভোক্তা সুরক্ষা এবং ব্যবসা পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে মোড়কজাত এবং উৎপাদিত সব ধরনের তামাকপণ্য—সিগারেট, ই-সিগারেট, শীশা ও অনুরূপ পণ্য। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি অনুমোদিত হলেও এসব পণ্য আর মুদি দোকানে বিক্রি করা যাবে না।

‘মুদি দোকান’ বলতে বোঝানো হয়েছে কমপক্ষে ২৪ বর্গমিটার আকারের প্রতিষ্ঠান, যেখানে মোড়কজাত খাদ্য, জীবাণুনাশক, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিকজাত সামগ্রী বিক্রি হয়। কিয়স্ক বলতে বোঝানো হয়েছে শহরের দৃষ্টিনন্দন কাঠামোর একটি ছোট স্ট্যান্ড-অ্যালোন দোকান, যেখানে সাধারণ মুদি পণ্য বিক্রি হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব দোকানে এখনো তামাকপণ্য বিক্রির অনুমতি রয়েছে, সেখানেও তা প্রদর্শন করা যাবে না। দোকানিকে তা গোপন স্থানে রাখতে হবে এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের বিক্রি করতে হবে। ১৮ বছরের নিচে কেউ এসব পণ্য কিনতে পারবে না এবং বয়স যাচাইয়ের দায়িত্ব থাকবে দোকানির ওপর।

যদিও সৌদি আরবে ধূমপান নিষিদ্ধ নয়, তবুও সরকারি ভবন, হাসপাতাল, গণপরিবহন, বিমান এবং কর্মক্ষেত্রে প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ধূমপায়ীদের জন্য নির্ধারিত স্থানে ধূমপান করার নির্দেশনা রয়েছে।

এই উদ্যোগকে সৌদি সরকার দেশটির জনস্বাস্থ্য ও সামাজিক নীতিমালার অংশ হিসেবে উল্লেখ করেছে।