এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তের ফলে দুবাইয়ের গুদামে মজুদ ৫০০ টন উচ্চপুষ্টিসম্পন্ন বিস্কুট ধ্বংস করা হবে, যা আফগানিস্তান ও পাকিস্তানের ২৭,০০০ ক্ষুধার্ত শিশুকে খাওয়ানোর কথা ছিল। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জুলাই মাসেই এই খাদ্যসামগ্রীর মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা পুড়িয়ে ফেলা হবে বা ল্যান্ডফিলে পাঠানো হবে।
এ বিষয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রিগাস কংগ্রেসে জানিয়েছেন, "ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।" প্রায় ৮ লাখ ডলার মূল্যের এই খাদ্য সহায়তা ধ্বংস করতে অতিরিক্ত ১ লাখ ডলার খরচ হবে বলেও অভ্যন্তরীণ দলিলে উল্লেখ রয়েছে।
গত জুনে ৬২২ টন বিস্কুট সিরিয়া, বাংলাদেশ ও মিয়ানমারে পাঠানো সম্ভব হলেও বাকি অংশ নষ্ট হতে যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, এই বিশেষ বিস্কুট সংকটাপন্ন অঞ্চলের শিশু ও প্রাপ্তবয়স্কদের তাৎক্ষণিক পুষ্টি জোগাতে ব্যবহৃত হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক সাহায্য কমানোর নীতির অংশ হিসেবে ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন অভিযোগ করেন, "মার্চে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল কোনো খাদ্য নষ্ট করা হবে না, কিন্তু তা রাখা হয়নি।"
গত বছর যুক্তরাষ্ট্র ৬১ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য বিতরণ করেছিল, যা বৈশ্বিক মানবিক সহায়তার ৩৮%। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউএসএআইডি বন্ধের ফলে বিশ্বজুড়ে ক্ষুধা সংকট আরও তীব্র হবে, বিশেষত গাজা ও সুদানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে।