ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ০২:০৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানের অবশিষ্ট দুটি পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, গত জুনে চালানো হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার মধ্যে শুধুমাত্র ফোরদো স্থাপনাই উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দুটি স্থাপনা - ইসফাহান ও নাতাঞ্জে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

সূত্রমতে, ফোরদো স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে ইসফাহান ও নাতাঞ্জ স্থাপনাগুলোতে ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় কার্যক্রম শুরু করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান যদি শিগগিরই পারমাণবিক চুক্তিতে ফিরে না আসে, তাহলে অবশিষ্ট স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। এই উত্তেজনার মধ্যেই নতুন করে হামলার পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও বাড়তে পারে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এখন সকলের নজর ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক চুক্তিতে ফিরে আসবে নাকি নতুন সংঘাতের দিকে এগোবে তেহরান, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।