ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চিরঘুমে ঘুমিয়ে গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ প্রিন্স আল-ওয়ালিদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৫, ০৭:০৭ পিএম

চিরঘুমে ঘুমিয়ে গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ প্রিন্স আল-ওয়ালিদ

দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর অবশেষে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৬ বছর। শনিবার, ১৯ জুলাই তার পিতা প্রিন্স খালেদ বিন তালাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন,
“হে প্রশান্ত আত্মা,
তোমার প্রভুর কাছে ফিরে যাও—তিনি সন্তুষ্ট, এবং তুমিও সন্তুষ্ট।
আমার সৎকর্মপরায়ণ বান্দাদের দলে প্রবেশ করো,
আমার জান্নাতে প্রবেশ করো।”

প্রিন্স আল-ওয়ালিদের জানাজা রবিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০০৫ সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আল-ওয়ালিদ। তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ হলে কোমায় চলে যান তিনি। এরপর দুই দশক ধরে তিনি রিয়াদের কিং আবদুলআজিজ মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, স্পেনসহ বিশ্বের শীর্ষ চিকিৎসকরা, কিন্তু কোনো চিকিৎসাই তাকে জ্ঞান ফিরিয়ে দিতে পারেনি।

তার পিতা প্রিন্স খালেদ ছেলের চিকিৎসা ও জীবনের প্রতি আস্থা রেখে কখনোই লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার অনুমতি দেননি। মাঝে মাঝে সামান্য শারীরিক প্রতিক্রিয়া দেখা দিলে পরিবারের মধ্যে নতুন করে আশার সঞ্চার হতো।

এই দীর্ঘ সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ‘ঘুমন্ত রাজপুত্র’। তার মৃত্যুতে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। কোটি মানুষের প্রার্থনার প্রতীক হয়ে রয়ে গেলেন ইতিহাসে।