এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫, ১১:০৭ এএম
পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম তার দৃষ্টিনন্দন শট এবং ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করেছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তার নাম ক্রিকেট ইতিহাসে অমর।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাবর। শুরুতে সীমিত ওভারের ক্রিকেটে নিজের ছাপ রাখেন তিনি। এরপর তিন ফরম্যাটেই পাকিস্তানের ব্যাটিং লাইনে অপরিহার্য হয়ে উঠেছেন এই ব্যাটিং জিনিয়াস।
বাবর আজমের ক্রিকেট যাত্রা
১৯৯৪ সালের অক্টোবর মাসে জন্ম বাবরের। তার প্রেরণা ছিলেন দুই কাজিন কামরান আকমল ও উমর আকমল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল বয়ের কাজ দিয়ে শুরু তার ক্রিকেট যাত্রা। এরপর ভর্তি হন একাডেমিতে।
ডোমেস্টিক ক্রিকেটে পাঁচ বছর খেলার পর ২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে লাহোরে নিজের ওডিআই অভিষেক করেন বাবর আজম। অভিষেকেই হাফ সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে বাবরের অবদান
বাবর আজম তার ক্যারিয়ারে পাকিস্তান ছাড়াও বেশ কয়েকটি ঘরোয়া এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন। এর মধ্যে রয়েছে- বলুচিস্তান, ইসলামাবাদ, লাহোর, পাঞ্জাব, পাকিস্তান ‘এ’, সেন্ট্রাল পাঞ্জাব, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ফয়সালাবাদ এবং আরো অনেকে।
তিনি রাওয়ালপিন্ডি, করাচি কিংস, পেশোয়ার জালমি, ভ্যাঙ্কুভার নাইটস, ডাবলিন চিফস এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়েও খেলেছেন। এই দীর্ঘ তালিকা বাবরের অভিজ্ঞতা ও পরিশ্রমের নিদর্শন।
বাবর আজমের টি-টোয়েন্টি ক্যারিয়ার
২০১৬ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে নামেন বাবর। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে ১২২ রানের ইনিংস খেলেন তিনি, যা ছিল তার প্রথম টি-টোয়েন্টি শতক।
২০১৮ সালের শেষ দিকে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে প্রথম স্থান অধিকার করেন বাবর আজম। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেন বাবর, যা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।
বাবর আজমের ওডিআই ক্যারিয়ার
২০১৫ সালের ৩১ মে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই অভিষেক হয় বাবরের। ২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজে ২৭৭ রান করে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপে নামেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করে পাকিস্তানকে জয় এনে দেন। সেই বিশ্বকাপে তিনি ৪৭৪ রান করে জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙে পাকিস্তানের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তবে ২০২৩ সালের বিশ্বকাপে ভারত সফরে ফর্মে ছিলেন না বাবর। নয় ইনিংসে ৩২০ রান করে ব্যর্থ হন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে।
সর্বশেষ ২০২৫ সালের ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ওডিআই খেলেন তিনি।
বাবর আজমের টেস্ট ক্যারিয়ার
২০১৬ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাবরের। প্রথম ইনিংসেই ৬৯ রান করেন। তবে এরপরের ১৫ ইনিংসে কেবল দুইটি ফিফটি পান, যা কিছুটা হতাশাজনক।
২০১৮ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে অপরাজিত ১২৭ রানে ফেরেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচিতে ১৯৬ রান করেন, যা চতুর্থ ইনিংসে কোনো পাকিস্তানি অধিনায়কের সর্বোচ্চ সংগ্রহ এবং দ্বিতীয় দীর্ঘতম ইনিংস।
পিএসএলে বাবর আজমের পারফরম্যান্স
টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ব্যাটারদের একজন বাবর আজম পাকিস্তান সুপার লিগেও রানের দিক থেকে শীর্ষে রয়েছেন। ২০১৬ সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অভিষেক হয় তার।
২০১৭ সালে করাচি কিংসে যোগ দেন এবং সেখানে ছয় মৌসুম কাটান। এরপর ২০২৩ সালে পেশোয়ার জালমিতে যোগ দিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।