এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইল যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে, তা মাত্র এক ঘণ্টার ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়তে পারে। মঙ্গলবার তিনি এই হুঁশিয়ারি দেন।
তেহরানে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির স্মরণসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি এখন অনেক বেশি প্রস্তুত এবং সংগঠিত।
নাঈম কাসেম জানান, হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বিদেশি শক্তির অস্ত্র হস্তান্তর বা নিরস্ত্রীকরণের আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, শহীদ ইজাদি সবসময় ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের পাশে ছিলেন এবং আল-আকসা অভিযানে তার ভুমিকা ছিল ‘অলৌকিক’। তার অবদানের কথা স্মরণ করে নাঈম কাসেম বলেন, তিনি ছিলেন প্রতিরোধের প্রেরণা।
মার্কিন প্রতিনিধি টম ব্যারাকের একটি সাম্প্রতিক প্রস্তাবের কঠোর সমালোচনা করে হিজবুল্লাহ নেতা বলেন, এ ধরনের প্রস্তাব শুধু ইসরাইলের স্বার্থেই তৈরি, লেবাননের নিরাপত্তার বিষয়কে সেখানে গুরুত্বই দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন এমন অস্ত্রে সজ্জিত হোক, যা ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এজন্যই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগ করা হচ্ছে আন্তর্জাতিকভাবে।
তিনি প্রশ্ন তোলেন, “যদি হিজবুল্লাহ নিরস্ত্র হয়, তাহলে কে লেবাননকে রক্ষা করবে ইসরাইলি আগ্রাসন থেকে?” তিনি বলেন, ইসরাইলিরা নিজেরাই স্বীকার করেছে—হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে তাদের সামরিক অভিযান থামবে না।
বক্তব্যের শেষ দিকে নাঈম কাসেম বলেন, “ইসরাইলের নিরাপত্তা কোনো চিরস্থায়ী বিষয় নয়। প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা ধ্বংস করে দেওয়া সম্ভব।” তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।