এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৫, ০৪:০৮ পিএম
ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও জানানো হয়েছে, যা আগে নির্ধারিত হার দ্বিগুণ।
বুধবার হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, নতুন শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্পের নির্বাহী আদেশেই এই সিদ্ধান্ত এসেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “আমরা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিচ্ছি, যতদিন না চলমান শুল্ক-বিরোধ মিটে যাচ্ছে।”
গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তবে, মার্কিন পক্ষের দাবি অনুযায়ী ভারত যদি কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যে ছাড় না দেয়, তাহলে সমঝোতা সম্ভব নয়।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারতের কৃষকরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের স্বার্থে আমরা কোনো আপস করব না।”
এদিকে, মঙ্গলবার সিএনবিসি-র এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, “ভারত আমাদের পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু সেটি যথেষ্ট নয়, কারণ ওরা যা করছে রাশিয়ার তেলের ব্যাপারে, তা মেনে নেওয়া যায় না।”
একদিন আগেই ট্রাম্প অভিযোগ করেন, “ভারত রাশিয়ার তেল বিক্রি করে বিপুল মুনাফা করছে। আর তারা একটুও চিন্তা করছে না, ইউক্রেনে কত মানুষ মরছে রাশিয়ার যুদ্ধযন্ত্রের আঘাতে।”
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “রাশিয়া থেকে জ্বালানি কেনা সম্পূর্ণ বাজারভিত্তিক এবং ১.৪ বিলিয়ন মানুষের শক্তি নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই তা করা হচ্ছে।”
ভারত সরকার জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৪১.১৮ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ভারতের পক্ষে।