এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিল দেশটির সরকার। আগে যেখানে রেসিডেন্ট কার্ডের মেয়াদ ছিল দুই বছর, এখন তা বাড়িয়ে করা হয়েছে তিন বছর। সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন নির্ধারিত ফি দিয়ে এক, দুই বা তিন বছরের জন্য রেসিডেন্ট কার্ড নিতে পারবেন। একইসঙ্গে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদও বাড়ানো হয়েছে—এখন তা ১০ বছর পর্যন্ত বৈধ থাকবে।
ফি নির্ধারণ করা হয়েছে এভাবে—এক বছরের জন্য ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ড নিতে লাগবে ২০ রিয়াল, জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের অবশ্যই মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।
এই সিদ্ধান্তে খুশি ওমানের প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, দীর্ঘমেয়াদি কার্ড প্রক্রিয়া সহজ করবে এবং সময় ও খরচ—দুটোই বাঁচাবে।
২০২৫ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে কর্মরত আছেন প্রায় ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে ৩ লাখ ৪৯ হাজার প্রবাসী।