ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চলন্ত বাইকে বাঁধা স্ত্রীর লাশ! পুলিশের ধাওয়া, ভিডিও দেখে শিউরে উঠছে নেটপাড়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

চলন্ত বাইকে বাঁধা স্ত্রীর লাশ! পুলিশের ধাওয়া, ভিডিও দেখে শিউরে উঠছে নেটপাড়া

শুনলে মনে হতে পারে সিনেমার গল্প, কিন্তু না—এটি একেবারেই বাস্তব ঘটনা। ভারতের নাগপুর-মধ্যপ্রদেশ হাইওয়ের দেওলাপার এলাকায় ঘটে গেছে এই হৃদয়বিদারক ঘটনা, যা এখন ভাইরাল ভিডিও হয়ে তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া।

স্ত্রীকে নিয়ে গ্রামের পথে ছিলেন স্বামী অমিত বুমরা যাদব (৩৬)। কিন্তু পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা—জ্ঞান্যার্সি যাদব (৩৫) প্রাণ হারালেন এক ট্রাকের ধাক্কায়। আহত স্বামী সাহায্যের জন্য পথচারীদের ডাকাডাকি করলেও ভারী বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে কেউ থামেনি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে স্ত্রীর নিথর দেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে বাড়ির পথে রওনা দেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ৯ আগস্ট দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুরের দিকে যাচ্ছিলেন অমিত ও তাঁর স্ত্রী। দেওলাপারের কাছে হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জ্ঞান্যার্সি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। অমিতও আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ হাইওয়ের একটি বনাঞ্চলে পৌঁছায়, কিন্তু কাউকে খুঁজে পায়নি। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ অমিতকে শনাক্ত করে।

পুলিশ জানায়, খুমারি টোল প্লাজার কাছে তাঁকে থামানোর চেষ্টা করা হলেও তিনি না থেমে চলে যান। শেষ পর্যন্ত পুলিশ ধাওয়া করে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পায়।

নাগপুর গ্রামীণ পুলিশের সুপার হর্ষ এ পোদ্দার জানান, জ্ঞান্যার্সির দেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।