এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি একাডেমিক সেন্টার ফর এডুকেশন, কালচার অ্যান্ড রিসার্চ (এসিইসিআর)-এর সদস্যদের বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন, তাদের সহযোগিতায় তার সরকার দেশের জটিল সমস্যা মোকাবেলা করতে পারবে।
শনিবার এসিইসিআরের ৪৫তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, “আমার পূর্ণ বিশ্বাস ও আশা রয়েছে এসিইসিআরের সদস্য ও পণ্ডিতদের প্রতি। যারা দেশপ্রেমে ভরপুর এবং যারা দেশের কল্যাণে কাজ করবেন, তাদের আমার প্রশাসন উন্মুক্ত হাতে স্বাগত জানাবে।”
অনুষ্ঠান উদ্বোধনকালে ইরানের প্রেসিডেন্ট ইসলামী বিপ্লবের শহীদদের স্মরণ করেন, বিশেষ করে যাঁরা ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগ ও সাহসকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, “ইসলামী বিপ্লবের পর থেকে আমাদের শত্রুরা জাতির অগ্রগতি ও দৃঢ়তা ভাঙতে অসংখ্য ষড়যন্ত্র করেছে। তারা বিপ্লবকে দুর্বল করতে ২০ হাজারেরও বেশি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবককে শহীদ করেছে। কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। যদি ওই স্বেচ্ছাসেবকরা আজও একই মনোভাব নিয়ে থাকতেন, তাহলে আজ আমাদের এই সমস্যাগুলো হত না। শত্রুরা ইচ্ছাকৃতভাবে আমাদের অভিজাতদের আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে।”
জাতিকে উদ্ধারে পণ্ডিতদের অপরিহার্য ভূমিকার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “এই জাতিকে রক্ষা করতে পারে শুধু সেই পণ্ডিতরাই, যাদের আছে দেশের সমস্যা সমাধানের জন্য জ্ঞান, ক্ষমতা ও দৃঢ় সংকল্প।”